জামায়াত ও চরমপন্থীদের আর্থিক প্রভাব কমানো এবং জামায়াত ও এনসিপির বিপরীতে ভারসাম্য রক্ষায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা- এমন একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশি এক কর্মকর্তার সঙ্গে ‘কথোপকথন’ বলে ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ। দেখুন এখানে- এক, দুই, তিন, চার।
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভাইরাল অডিও ক্লিপটি এআই জেনারেটেড।
অডিও কথোপকথনের তথ্যের আলোকে কি ওয়ার্ড সার্চ করে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি কি ওয়ার্ড সার্চ করে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অডিওটির ০:৫৩ সেকেন্ডে ইংরেজি কণ্ঠ "Awami League"-কে উচ্চারণ করেছে "Wami League"। টেক্সট-টু-স্পিচে সঠিক ফোনেটিক না থাকলে প্রায়ই নামের ক্ষেত্রে এমন বিকৃত উচ্চারণ দেখা যায়। দুটি কণ্ঠের সুর, পিচ এবং টোন সমতল। স্বাভাবিক মানুষের কথোপকথনে যে আবেগ, স্বরের ওঠানামা থাকে, তা এখানে নেই। বাক্যের মাঝখানে শব্দের বিন্যাস ও বিরতিগুলো যেমন- "limiting... its influence... including... within the banking sector" অংশটিতে স্বাভাবিক বাক্য প্রবাহের পরিবর্তে যান্ত্রিক বিরতি শোনা যায়। দীর্ঘ বাক্য বলার সময় মানুষের যে স্বাভাবিক শ্বাস নেওয়া, ফুসফুসের বাতাসের চাপ বা মুখের ক্ষুদ্র শব্দ থাকে, তা এই অডিওতে নেই। বিশেষ করে দ্বিতীয় কণ্ঠটিতে শব্দগুলোর শেষে এক ধরনের মেটালিক অনুরণন করা হয়েছে। যা মূলত নিউরাল ভয়েস ক্লোনিং মডেলের (যেমন ElevenLabs বা সমমানের টুল) পরিচিত বৈশিষ্ট্য।
পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter' ব্যবহার করে অডিওটি যাচাই করা হয়। টুলটি অডিওটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি হিসেবে ফলাফল প্রদান করেছে। ফলাফলের স্ক্রিনশট দেখুন-

সুতরাং, এআই প্রযুক্তিতে তৈরি অডিওকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াত-এনসিপিকে রক্ষা করতে আওয়ামী লীগকে প্রয়োজন বলে প্রচার করা হচ্ছে।