Bengal Lens
ফ্যাক্ট চেক

মায়ের সাথে অভিমান, মৃত্যুর পর কিশোরের ছবি ছড়িয়ে নিজেদের কর্মী দাবি করছে ছাত্রলীগ

মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া কিশোরের লাশ উদ্ধারের পর নিজেদের কর্মী বলে প্রচার করছে আওয়ামীপন্থিরা। তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে দাবিটি সত্য নয়।

প্রকৃতপক্ষে, রবিবার (৯ আগস্ট) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এছাড়া তাকে হত্যারও কোনো আলামত এখনো নিশ্চিত করেনি পুলিশ।

নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে একটি মাছের দোকানে কাজ করত। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে শিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকাল সাতটার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কিশোরের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার নৌকাভ্রমণে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল শিহাব। তবে মা টাকা দিতে না পারায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি।

মাছ ব্যবসায়ী মনির হোসেন জানান, সিহাব তার মাছের দোকানে কাজ করত। গতকাল শিহাব ছুটি নিয়েছিল। তাই সে কাজে আসেনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

কিশোর শিহাবের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা পরিবার বা পুলিশ কেউ দাবি করেননি। তবে আওয়ামীপন্থি নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডি থেকে ছবিটি ছড়িয়ে কোনো তথ্যসূত্র ছাড়াই ছাত্রলীগ কর্মী বলে প্রচার করছেন।

আসিফ তালুকদার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক শিক্ষার্থীর আইডি থেকে ‘ছাত্রলীগ’ লিখে ছবিটি পোস্ট করা হয় রবিবার সন্ধ্যা ৬টায়। যিনি ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলেন।

গুজব

মিজানুর রহমান নামে এক আওয়ামী সমর্থক ছবিটি ছড়িয়ে লিখেছেন, ‘মনে রেখো বাংলাদেশ! ছাত্রলীগ কর্মীর লাশ ঝুলছে শহীদ মিনারে’।

বেঙ্গল লেন্সের যাচাই করে দেখেছে ছবিটি এ্আই জেনারেটেড নয়। তবে আওয়ামীপন্থিদের দাবিটি মিথ্যা।