বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে দাবি করে আওয়ামীপন্থি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে।
এরকম কয়েকটি পোস্টের লিংক যুক্ত করা হলো এখানে- এক, দুই, তিন, চার।
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড।
অর্থাৎ ভিডিওটি বাস্তব দৃশ্যের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমের দাবি অনুযায়ী ভিডিওটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ভিডিওটির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।
গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়।
পরবর্তীতে, গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরনের ওয়াটারমার্কিং ব্যবহার করে, যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায় না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে।
স্ক্রিনশট দেখুন-

তাই আলোচ্য ভিডিওটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।