গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার বেশকিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে থানা ঘেরাও, পুলিশ হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া এবং গ্রেপ্তারে প্রতিবন্ধকতা সৃষ্টির অন্তত ১০টি ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া এই ১০টি ঘটনার একটিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে।
ঘটনাগুলোর সংবাদ;
(১) গত ২০ ফেব্রুয়ারি পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের এক নেতার পুলিশকে উদ্দেশ করে ‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না’—এমন বক্তব্যের খবর প্রকাশিত হয়।
(২) গত ৩ মে কুমিল্লা আদর্শ সদরে বিএনপির এক নেতা আটকের পর থানা ঘেরাও ও বাস টার্মিনাল বন্ধের ঘটনাঘটে।
(৩) গত ৭ মে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ আটক এক বিএনপি নেতার ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
(৪) গত ১০ মে কুষ্টিয়ার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী থানায় যান।
(৫) গত ১৩ মে ফরিদপুরের ভাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠে বিএনপি নেতার বিরুদ্ধে।
(৬) গত ১ জুন মানিকগঞ্জ সদর উপজেলায় গ্রেপ্তার এক বিএনপি নেতাকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে থানা ঘেরাও করা হয়।
(৭) গত ৫ জুন যশোরের শার্শায় মারধরের মামলায় আটক এক বিএনপি নেতাকে অনুসারীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
(৮) গত ১৫ জুন লালমনিরহাটের কালীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সংবাদ প্রকাশিত হয়।
(৯) গত ২২ জুন গাজীপুরের শ্রীপুরে আটক এক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে পুলিশের কাছ থেকে বিএনপি নেতারা ছাড়িয়ে নেন।
(১০) এছাড়া ২৮ জুন রাজশাহী মহানগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করতে গেলে ডিবি পুলিশের অভিযান ঘিরে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়ার ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদগুলোর তথ্য অনুযায়ী, এসব ঘটনার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তার কার্যক্রম ব্যাহত বা ব্যর্থ হয়েছে। আবার কয়েকটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ পর্যন্ত গ্রেপ্তার সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এছাড়া কয়েকটি ঘটনায় ফলাফল সম্পর্কে সংশ্লিষ্ট সংবাদে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।