বাংলাদেশ লেন্স

আলিফের চোখে দেখা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি ও আওয়ামীপন্থীরা

আলিফ এক চোখ হারালেও অন্য চোখে তার দৃষ্টিশক্তি রয়েছে। আলিফ দুই চোখই হারিয়েছেন এমন দাবি এনসিপি বা আলিফ নিজেও কখনো করেননি।

“ঢাবির এনসিপির প্রোগ্রামে চোখ হারানো আলিফ পানির বোতল দেখলো কিভাবে?” এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কুরুচিপূর্ণ মন্তব্যসহ একটি ভিডিও ছড়াচ্ছেন আওয়ামী ও বিএনপিপন্থীরা।

এর মধ্যে আওয়ামীপন্থী অনেকে আবার ‘জুলাই আন্দোলনে চোখ হারানোর নাটক’ বলেও প্রচার করছেন ভিডিওটি।

আওয়ামীপন্থীদের এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

বিএনপিপন্থীদের এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে উভয় পক্ষের দাবিই বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃতপক্ষে গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার সময় রডের আঘাতে চোখে গুরুতর আহত হন এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী (১৯)।

পরে ৩০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) সম্পন্ন হওয়া এ অপারেশনের পরও তার আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন লেখেন, “আলিফের অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটা চোখ চিরতরে আলো হারালো। ডান চোখটা ভালো আছে। এখন পোস্ট অপারেটিভ অবজারভেশনে থাকবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে

এদিকে ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে চোখ হারানো আলিফকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বসতে দেখা গেছে। এসময় আলিফ একটি পানির বোতল নিজ হাতে তুলে নেন কারো সাহায্য ছাড়া, এমন একটি ভিডিও ছড়িয়ে আওয়ামী ও বিএনপিপন্থীরাি ‘চোখ হারানো আলিফ কিভাবে দেখলেন পানির বোতল’ এ নিয়ে প্রশ্ন তুলে আলিফের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও ‘প্রতারণা’ বলে প্রচার করছেন।

অথচ আলিফ এক চোখ হারালেও অন্য চোখে তার দৃষ্টিশক্তি রয়েছে। আলিফ দুই চোখই হারিয়েছেন এমন দাবি এনসিপি বা আলিফ নিজেও কখনো করেননি।