ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বর নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতা ফুযাইল আহমদ খান। স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যের পরও এমন আয়োজনের উদ্যোগ জনমনে প্রশ্ন তৈরি করেছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সমৃদ্ধ জনপদ। জেলার সামাজিক পরিবেশ ও মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনায় জনমনে উদ্বেগ রয়েছে বলেও দাবি করা হয়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আরকি। ওখানকার পরিস্থিতি আলাদা।'