‘ওসিকে দিয়ে জুতা টানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী’, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছেন ওসি সমমর্যাদার পুলিশ’ ইত্যাদি শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে মসজিদে প্রবেশ করছেন সালাউদ্দিন আহমেদ। সামনে একজন পুলিশ যার হাতে একজোড়া বুট দেখা যাচ্ছে।
বেঙ্গল লেন্স ভিডিওটি যাচাই করে দেখেছে, পুলিশের ওই কর্মকর্তা নিজের জুতা বহন করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নয়।
তবে সাবেক আওয়ামী এমপি গোলাম মাওলা রনির অফিসিয়াল পেজ থেকে এক পোস্টে বলা হয়, মন্ত্রীর জুতা টানছে ওসি। এমন দৃশ্যতো বাপের জন্মে কোন দিন দেখিনি। এছাড়া ছাত্রশিবির চান্দগাঁও থানা নামে পরিচালিত একটি পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। এমন জামায়াত ও আওয়ামীপন্থীদের প্রচারিত ভিডিওটির আরও কিছু পোস্ট দেখুন এখানে- এক, দুই, তিন, চার।
ভিডিওতে সামনে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে শেখ মহাব্বত আলী হিসেবে শনাক্ত করা গেছে। তিনি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। তিনি সেদিন সেখানে উপস্থিত থাকার বিষয়টি বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছিলেন। ভিডিওটি সে সময়কার।
ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, স্বরাষ্টমন্ত্রী ও ওসি-সহ কোনো মুসল্লির পায়ে জুতা ছিল না। ওই ভিডিওতে ওসি ছাড়া আরও ২ জনকে জুতা হাতে দেখা যায়। ওসির হাতে জুতা জোড়া ছিল বুট। যেগুলো পুলিশ ইউনিফর্মের সাথে ব্যবহার করে। সেদিন শেখ মোহাব্বত হোসেন ইউনিফর্ম পরিহিত ছিলেন।
এছাড়া হিল ডাউন সার্কিট হাউসে নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করার একটি ছবি যাচাই করে পাওয়া জুতার সাথেও ওসির হাতে থাকা জুতার মিল পাওয়া যায় নি। স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মীও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি শেখ মোহাব্বত হোসনে বলেন, সেদিন আমি আমার নিজের জুতাই বহন করছিলাম। কে বা কারা এটি ছড়িয়েছে তা জানি না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত।
উল্লেখ্য, ১৩ আগস্ট বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। ওসি কর্তৃক মন্ত্রীর জুতা বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত।
এমএম/ আরএ