ফ্যাক্ট চেক

‘জান্নাতের টিকিট বিক্রি’ নিয়ে জামায়াত নেতার খণ্ডিত ভিডিও প্রচার করলেন প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৮ মিনিটে তার পেইজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্যের খণ্ডিতাংশ প্রচার করা হয়।

‘জান্নাতের টিকেট কারা কারা পাইছেন হাত জাগান’ শিরোনামে প্রচারিত ভিডিওটি নুরুল হক নুরের পেজ থেকে শেয়ার দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ভাই আমার জান্নাতের টিকেট বিক্রি করতেছে। কিনছেন কারা কারা?’

খণ্ডিত ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদের ‘‘আজকে টিকিট দিছি কয়জনারে? হাত জাগান (হাত তোলেন)। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান তরুণরা হাত জাগাও।’’ বক্তব্যের অংশটুকু ছিল।

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, মূল ভিডিওতে বক্তব্যটি ছিল এমন- ‘‘কয় (বলে) আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচাজান, কয় না কয় না? ও ভাইজান, কয় না কয় না? আজকে টিকিট দিছি কয়জনারে? হাত জাগান (হাত তোলেন)। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে, তাদের জবাব তোমরা দিতে পারবা সবাই? আমরা জান্নাতের টিকিট দেই না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই।’’

অর্থাৎ, জামায়াত নেতা জান্নাতের টিকিট বিক্রি করছে বলে ছড়ানো দাবিটি সঠিক নয়।

তবে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সেই ফেসবুক পেজটি ভেরিফাইড না হলেও পেইজটি অফিসিয়াল বলে বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।