ফ্যাক্ট চেক

বিদেশী ওয়েবসাইটের ছবি ছড়িয়ে 'ধর্ষণের পর আওয়ামী লীগ নেত্রীকে গলা কেটে হত্যার' গুজব প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রক্তাক্ত মরদেহের ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, নাটোরে আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। বিভিন্ন আওয়ামীপন্থী ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ছবি ব্যবহার করে ঘটনাটি প্রচার করা হচ্ছে। পোস্টগুলোতে বলা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই দুই নারী নেত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে নাটোরে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া ছবিটিও কোনো আওয়ামী লীগ নেত্রীর নয়।

রিভার্স ইমেজ সার্চে ছবিটি Forogore নামের একটি বিদেশি ওয়েবসাইটে প্রায় একমাস আগে প্রকাশিত অবস্থায় পাওয়া যায়। ছবিটির সঙ্গে কোনো দেশ, স্থান বা ঘটনার বিস্তারিত উল্লেখ না থাকলেও ক্যাপশনে লেখা ছিল “A mix of images of women brutally murdered, deaths of unknown causes.”, যার অর্থ "নৃশংসভাবে খুন হওয়া নারীদের ছবি এবং অজ্ঞাত কারণে মৃত্যুর একটি মিশ্রণ"। সেই ডার্ক ওয়েবসাইটটিতে বিভিন্ন বিকৃত ও স্পর্শকাতর মৃতদেহের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।'

সম্প্রতি নাটোরে এমন কোনো ঘটনা ঘটেছে কি-না, জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বেঙ্গল লেন্সকে বলেন, এমন কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই। এর আগেও নাটোরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমন ঘটনা ঘটলে অবশ্যই পত্রপত্রিকায় খবর প্রকাশিত হতো।”

অর্থাৎ, বিদেশি একটি ওয়েবসাইটে প্রকাশিত পুরোনো পরিচয়বিহীন একটি ছবিকে নাটোরে আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে ধর্ষণ ও হত্যার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।