নিজ প্রতিষ্ঠান ও সরকারকে ‘বিব্রত’ করে— এমন লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার বা শেয়ার না করতে কর্মীদের নির্দেশ দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এতে।
নিজ প্রতিষ্ঠান ও সরকারকে ‘বিব্রত’ করে— এমন লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার বা শেয়ার না করতে কর্মীদের নির্দেশ দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এতে।
ডিবিসি নিউজের নামে (১৯ আগস্ট ২০২৬ তারিখে) জারি করা একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও বিব্রতকর লেখা প্রসঙ্গে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ বিজ্ঞপ্তি জারির পর কোনো কর্মকর্তা/কর্মচারী নিজ প্রতিষ্ঠান বা সরকার বিরোধী লেখালেখি প্রকাশ, প্রচার বা শেয়ার করলে প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা ও প্রযোজ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ধরনের লেখালেখি থেকে বিরত থাকতে ডিবিসি নিউজের সব কর্মকর্তা ও কর্মচারীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু নিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, ‘সরকারবিরোধী’ লেখা প্রকাশ, প্রচার বা শেয়ার করাকেও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্দেশনাটি ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে’ ডিবিসি নিউজের পক্ষে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তির নিচে স্বাক্ষরের পাশাপাশি ‘ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড’-এর সিলও দেখা যায়।

তবে বিজ্ঞপ্তিতে ‘সরকারবিরোধী লেখা’ বলতে ঠিক কোন ধরনের বক্তব্য, সমালোচনা বা সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে, তার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। একইভাবে কোন ধরনের পোস্টকে ‘আপত্তিকর’ বা ‘বিব্রতকর’ হিসেবে বিবেচনা করা হবে, সেটিও বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি।
ফলে একজন সংবাদকর্মীর সামাজিক যোগাযোগমাধ্যে ব্যক্তিগত একাউন্টে সরকারের কোনো সিদ্ধান্ত, নীতি বা কর্মকাণ্ডের সমালোচনা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে কি না, সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিবিসি নিউজের সম্পাদক মাশুক এলাহী চৌধুরী সংবাদমাধ্যমটির অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাতের সাথে কথা বলতে বলেন।
তবে অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পিটি/এমএ